স্টাফ রিপোর্ট, ১২ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ১২টা পর্যন্ত নির্বাচনে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।
আজ দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯টি আসনের সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং কোনো কেন্দ্রেও বিলম্বের কারণ ঘটেনি।
ধানমন্ডির একটি কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে নিজে ভোট দেওয়ার কথা উল্লেখ করে ইসি সচিব জানান, “দুপুর ১২টা পর্যন্ত ৪২,৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩২,৭৮৯টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে, যা অনুযায়ী ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ।”
তিনি বলেন, এবার তথ্য সংগ্রহের পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। অতীতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে তথ্য সংগ্রহে সমস্যা হতো, তাই এবার এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা উল্লেখ করে সচিব বলেন, “বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”
তিনি আরও জানান, মেহেরপুরে ভোট দিয়ে ফেরার পথে একটি মারামারির ঘটনা ঘটেছে, যেখানে দু’জন আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সচিব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যারা এখনও ভোট দেননি, তারা ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন।”
গতকাল ভোররাতে ময়মনসিংহের একটি কেন্দ্রে এক সহকারী প্রিজাইডিং অফিসার ইন্তেকাল করেছেন। সচিব শোক প্রকাশ করে জানান, সেখানে আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে।





