দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। গতরাতে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১৩তম আসরের ফাইনালে ভারত ৫২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ২০০৫ ও ২০১৭ সালে ফাইনালে উঠেও শিরোপা না জেতা ভারত তৃতীয়বারের চেষ্টায় অবশেষে স্বপ্ন পূরণ করল হারমানপ্রিত কৌরের নেতৃত্বে। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হওয়ার বেদনায়…

ছবি: সংগ্রহীত

Posted by:

on

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ঢাকা, ৩ নভেম্বর ২০২৫

ম্যাচের সারসংক্ষেপ

বৃষ্টির কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হলেও ফাইনাল ম্যাচে কোনো ওভার কাটা হয়নি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠানো হলে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে তারা ১০৬ বলে ১০৪ রান যোগ করেন। ৮টি চারে ৪৫ রান করে মান্ধানা ফিরলেও, শেফালি জেমিমা রদ্রিগেজকে নিয়ে আরও ৬২ রান যোগ করেন। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৮৭ রানে আউট হন শেফালি, যিনি ৭৮ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কা মারেন।

মিডল অর্ডারে জেমিমা ২৪, হারমানপ্রিত ২০ ও আমানজোত কৌর ১২ রানে আউট হলেও দিপ্তি শর্মা ও উইকেটরক্ষক রিচা ঘোষের জুটিতে বড় সংগ্রহ গড়ে ভারত। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান তোলে তারা। দিপ্তি ৫৮ বলে ৫৮ ও রিচা ২৪ বলে ৩৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার আয়বোঙ্গা খাকা নেন ৩ উইকেট।

প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়

২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ভালো শুরু করলেও ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে চাপে পড়ে। অধিনায়ক লরা উলভার্টের অসাধারণ সেঞ্চুরিও পরাজয় ঠেকাতে পারেনি। তিনি ৯৮ বলে ১০১ রান করেন ১১টি চার ও ১টি ছক্কায়। অ্যানেরি ডার্কসেন ৩৫ রান করে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

দিপ্তি ও শেফালির জোড়া নৈপুণ্য

দিপ্তি শর্মা দুর্দান্ত বোলিংয়ে ৩৯ রানে ৫ উইকেট শিকার করেন। পুরো টুর্নামেন্টে তিনি ২১৫ রান ও ২২ উইকেট নিয়ে নির্বাচিত হন টুর্নামেন্টসেরা খেলোয়াড় হিসেবে। অন্যদিকে ফাইনালে ব্যাট হাতে ৮৭ রান ও বল হাতে ২ উইকেট নেওয়া শেফালি ভার্মা হন ম্যাচসেরা। প্রাতিকা রাওয়ালের ইনজুরিতে বদলি হিসেবে দলে ডাক পাওয়া শেফালির জন্য এটি এক রূপকথার গল্প।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২৯৮/৭ (৫০ ওভারে) — শেফালি ৮৭, দিপ্তি ৫৮, খাকা ৩/৫৮।
দক্ষিণ আফ্রিকা: ২৪৬/১০ (৪৫.৩ ওভারে) — উলভার্ট ১০১, ডার্কসেন ৩৫, দিপ্তি ৫/৩৯।
ফল: ভারত ৫২ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: শেফালি ভার্মা (ভারত)।
প্লেয়ার অব দা টুর্নামেন্ট: দিপ্তি শর্মা (ভারত)।