স্টাফ রিপোর্টার, ১০ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তারা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। জানা যায়, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সাথে সাথে তাঁদের পদত্যাগ কার্যকর হবে।
জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগ গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।”
দুই ছাত্রনেতার উদ্দেশে তিনি আরও আহ্বান জানান যে দেশের মঙ্গলে নিজেদের কর্ম ও অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে হবে।





