দুর্নীতির অভিযোগে সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু সাময়িক বরখাস্ত

ছবি সংগৃহীত জান্নাতুল ফেরদৌস মিতু

দুর্নীতির অভিযোগে আরেক কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সোমবার এক প্রজ্ঞাপনে সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিতুর বিরুদ্ধে অভিযোগ তিনি ৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধির কাছে তার আয়কর নথির অধিকাংশ পুরোনো রেকর্ড হস্তান্তর করেছেন। এসব নথির মধ্যে ছিল পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনালের আদেশসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। গুরুতর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা অনুযায়ী সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এর আগে গত ২১ আগস্ট নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি দিতে সহযোগিতার অভিযোগে উপ-কর কমিশনার লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ওই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর অঞ্চল-৫ এর সাবেক কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর ও উপ-কর কমিশনার লিংকন রায়ের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। এরপরই লিংকন রায়কে বরখাস্ত করা হয়।