নতুন রাজনৈতিক জোটে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন — আরও দল যুক্ত হওয়ার সম্ভাবনা

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, নিউজ চ্যানেল বিডি।
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বেড়েছে। এরই অংশ হিসেবে রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেন এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।
সংবাদ সম্মেলনে তারা জানান, তিনটি দলের এই ঐক্য শুধু নির্বাচনকেন্দ্রিক নয়—আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচিতেও একসঙ্গে মাঠে দেখা যাবে।
জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। তিন দলের পথচলা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়—আন্দোলনেও একসঙ্গে থাকব।”
তিনি আরও জানান, আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনাও চলমান রয়েছে। পরিবর্তনের রাজনীতি যারা চায় তারা সবাই এ জোটে যুক্ত হতে পারে। তিনি সতর্ক করে বলেন, “গায়ের জোর কিংবা ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে সফল হওয়া যাবে না।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই পরিবর্তনের শক্তিগুলো এক হোক। পুরনো রাজনীতির প্রতি সাধারণ মানুষের মোহ কেটে গেছে। নতুন প্রজন্ম নতুন রাজনীতি চায়।”
এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা দাবি করেন—পুরনো রাজনীতির কাঠামো আজও স্বৈরাচারের নমুনা বহন করছে, যা পরিবর্তন করা জরুরি। তাদের মতে, নতুন জোটই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
জোটের আসন বণ্টন, প্রার্থী ঘোষণা ও নির্বাচনী কৌশল ধাপে ধাপে জানানো হবে বলেও নেতারা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।