স্টাফ রিপোর্টার | ১৪ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
মিছিলে যোগ দেওয়ার আগে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরে বন্দি করার চেষ্টা করছে। নারীদের প্রতি সহিংসতা-নির্যাতন বেড়ে গেলেও এই পুরুষতান্ত্রিক সমাজ এখনো সৎভাবে প্রতিবাদে সচ্চার নয় বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, “যারা বলছে নারীদের পাঁচ ঘণ্টা কাজ করতে হবে, তারা চাইছে নারীরা ঘরের ভেতরেই বন্দি হয়ে যাক। অথচ তাদের প্রতিষ্ঠানগুলোতে নারীদের পাঁচ মিনিট আগেও ছুটি দেওয়া হয় না। ভোটের জন্য এক ধরনের কথা বলবেন, আর বাস্তবে নারীর ওপর অত্যাচার করবেন—এটা নারী সমাজ বরদাস্ত করবে না।”
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা ভোটের নামে ধর্মকে ব্যবহার করছে, তারাই নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলছে। তারা চাইছে নারীরা ঘরেই বন্দি থাকুক। কিন্তু আমাদের ৩১ দফায় নারীর অগ্রযাত্রা নিশ্চিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, দেশে একটি দল ধর্মের নামে ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়। এই দলটি নারীদের কর্মক্ষেত্র সংকোচন করে সমাজের অগ্রগতি থামাতে চায়। কর্মঘণ্টা কমানো হলে নারীদের কর্মসংস্থান হ্রাস পাবে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি নেতা জানান, তারা অঙ্গীকারবদ্ধ যে সনদটি অক্ষরে অক্ষরে প্রতিপালন করা হবে। তিনি বলেন, “গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা যাবে না। এর জন্য অবশ্যই জাতীয় সংসদ থাকতে হবে। কোনো আরোপিত আইন বা আদেশ দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না।”
এদিকে চট্টগ্রামের এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের যে সব সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান দিতে পারবেন জনগণের নির্বাচিত সরকার ও নির্বাচিত প্রতিনিধিরাই।
তিনি বলেন, দেশের মানুষ একটি উৎসবমুখর, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।





