ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে পুলিশসহ সব ধরনের নিয়োগ চূড়ান্ত করা হবে।
আজ বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিধি সংশোধন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সচিব বলেন, নির্বাচনের আগে পুলিশ এবং সংশ্লিষ্ট সকল নিয়োগ চূড়ান্ত করণের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে।
তিনি জানান, সভায় বাংলাদেশ পুলিশের ৪ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগের বিধিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। সভায় আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিব বলেন, চিঠি চালাচালির পরিবর্তে সবাই একত্রে বসে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে কার্যকর পদ্ধতি। আশা করা হচ্ছে, খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
মোখলেসুর রহমান আরও বলেন, বর্তমানে মাঠে যেসব জেলা প্রশাসক (ডিসি) দায়িত্ব পালন করছেন তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা ভালো করছেন, তাদের বহাল রাখা হতে পারে। তবে, যারা যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন তাদের নির্বাচনের আগে প্রত্যাহার করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, এবারও লটারির মাধ্যমে ইউএনও বা জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে না।

জনপ্রশাসন সচিব বলেন, নির্বাচনের সময় মাঠে মূলত দুই ধরনের প্রশাসন থাকে—একটি সিভিল প্রশাসন আরেকটি পুলিশ প্রশাসন। এই দুই প্রশাসনকে একসঙ্গে বলা হয় মাঠ প্রশাসন। তাই নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে শক্তিশালী করার জন্য সরকার কাজ করছে।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে।





