নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আমিনুল হক

ঢাকা-১৬ আসনে গণসংযোগে বিএনপি প্রার্থীর হুঁশিয়ারি, উস্কানিতে না জড়ানোর নির্দেশ নেতা-কর্মীদের

Posted by:

on


স্টাফ রিপোর্টার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি


ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আজ বৃহস্পতিবার প্রচারণার ১৫তম দিনে পল্লবী ‘ধ’ ব্লকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, কোনো প্রকার উস্কানিতে পা দেওয়া যাবে না।

আমিনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, এখন পর্যন্ত এলাকায় প্রচারণার পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং সবাই স্বাধীনভাবে প্রচার চালাতে পারছে।

গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, জনসমর্থন না থাকায় জামায়াত ইসলামী সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এ সংক্রান্ত ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইতোমধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে এবং শিগগিরই রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

সকাল থেকেই পল্লবীর বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে এসে ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তার কাছে তুলে ধরেন। আমিনুল হক মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগের সময় তিনি তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।