বরিশালে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আদালত দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদ ঘটনাটিকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত গণঅধিকার পরিষদের ভূমিকা অপরিসীম। একটি বৈষম্যহীন, কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদী জামানায় যেভাবে আমরা হামলা-মামলা- বঞ্চনার শিকার হয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তার ধারাবাহিকতা দুঃখজনক।





