নুসরাত ফারিয়া আটক, নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে
আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং পরে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানিয়েছেন, তাকে এখনো কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মামলার বাদী এনামুল হকের অভিযোগ, আন্দোলন দমনে অর্থ সহায়তা দেওয়ায় নুসরাত ফারিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া ও আন্দোলন দমন করতে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বাদী গুরুতর আহত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।





