পঞ্চগড়ে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ প্রশাসনের দাবি সার্জিস আলমের

ব্যানার পোড়ানো ও গুজব ছড়ানোর অভিযোগ, প্রশাসনের পক্ষপাতিত্বের ইঙ্গিত

স্টাফ রিপোর্টার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

এনসিপির সার্জিস আলম বলেছেন, মাঠের বর্তমান পরিস্থিতি বুঝতে পেরে একটি পক্ষ নানা অপচেষ্টা শুরু করেছে। তার দাবি, গত দেড় বছরে নির্যাতন ও নিপীড়নের অভিজ্ঞতার পর মানুষ পরিবর্তন চায় এবং এমন শক্তির হাতে ক্ষমতা দিতে চায় যারা জুলুম করেনি।

তিনি অভিযোগ করেন, তাদের নির্বাচনী ব্যানার রাতের অন্ধকারে পোড়ানো ও ছিঁড়ে ফেলা হচ্ছে। “আমরা হয়তো ৫০০ ব্যানার লাগিয়েছি, এখন দুই-তিনশো আছে, বাকিগুলো নেই,” বলেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ও গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সার্জিস আলম। তার অভিযোগ, নির্ধারিত সময়ের বাইরে কর্মসূচি পালন না করলেও তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ অন্য প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের অভিযোগ জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, “আমরা নিরপেক্ষ প্রশাসন চাই। পঞ্চগড়-১ আসনে কেউ যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, আমরা তা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।”