প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে গোলাপী বেগমের বাড়িতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভোটের দিন বিষপান করা নারীর খোঁজখবর নিতে নিজে বাড়িতে যান প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীর বাধার মুখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগমের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

রোববার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও উপহার নিয়ে তিনি সরাসরি গোলাপী বেগমের বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীর বাধার মুখে অভিমানে বিষপান করেন গোলাপী বেগম। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে তখনই গোলাপী বেগমের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার ও সহায়তা নিয়ে তার বাড়িতে যান প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয়রা প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।