স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
প্রধানমন্ত্রী -এর নির্দেশনার পর অপহরণের এক ঘণ্টার মধ্যে রাজধানী থেকে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত ছাত্রের বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছেলেকে অপহরণের খবর পেয়ে ওই বাবা কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে যান এবং সরাসরি বিষয়টি জানান। বিষয়টি শোনার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।
-এর রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, অপহৃত ছাত্র খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
পুলিশ জানায়, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল, সেই নম্বর ব্যবহার করে কৌশলে যোগাযোগ শুরু করা হয়। টাকা পাঠানোর আশ্বাস দিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে পুলিশ অভিযানে গেলে অপহরণকারীরা পালিয়ে যায়, তবে স্কুলছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।





