প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন

জুম্মার নামাজের পর শারীরিক অবস্থার খোঁজ; সিঙ্গাপুরে চিকিৎসার নির্দেশ

স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কিছুক্ষণ মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এভারকেয়ার হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকরা।

এদিকে বিএনপি’র পক্ষ থেকে শুক্রবার সকালে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে নিয়ে এয়ারকেয়ারের এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করা হবে। সেখানে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করা হবে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।