স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই মাহফিলে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
আজ বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্রটি তুলে দেন।
দাওয়াত দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্র দিতে। এটাই মূল বিষয় ছিল।’
তিনি আরও বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে এসেছিলাম। তিনি আন্তরিকভাবে তা গ্রহণ করেছেন এবং যাবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের আমিরে জামায়াত প্রধানমন্ত্রীর সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি এবং তিনি তা গ্রহণ করেছেন।’





