স্টাফ রিপোর্টার | ১৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আসন্ন ২০ এপ্রিল একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, ওইদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন।
সকাল পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন।
পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমে অংশ নেবেন এবং বাঘবাড়ী নশিপুরের চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
দুপুরের পর তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় সময় কাটাবেন। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জনপদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এটি একটি পূর্ণাঙ্গ সরকারি সফর, যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।





