প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিসে ব্যস্ত

শপথ নেওয়ার পর টানা তিনটি শনিবার কার্যালয়ে উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যক্রম

স্টাফ রিপোর্টার , ০৭ মার্চ ২০২৬ , নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার ছুটির দিনেও রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে অফিস করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি টানা তৃতীয় শনিবারের অফিস কার্যক্রম। তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন কার্যালয়ে উপস্থিত ছিলেন। এছাড়া প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় কার্যালয়ে আগমন করে প্রধানমন্ত্রী তারেক রহমান পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং বাজার সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে বৈঠক করেন।

এরপর দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, দেশের ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজনও করেছেন প্রধানমন্ত্রী। কার্যালয় থেকে তিনি সরাসরি সেখানে যাওয়ার কথা রয়েছে।