স্টাফ রিপোর্টার | ৩ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে এখন অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে। তা না হলে মোবাইল ফোনটি আগের মালিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে নিবন্ধিত থেকে যাবে, যা ভবিষ্যতে আইনগত ও প্রযুক্তিগত জটিলতার কারণ হতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নির্দেশনা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, মোবাইল ফোনের অবৈধ ব্যবহার রোধ, গ্রাহক নিরাপত্তা নিশ্চিত এবং ডিভাইস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ডি-রেজিস্ট্রেশন হলো মোবাইল ফোনের IMEI নম্বরকে বর্তমান মালিকের এনআইডি থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া। ফোন বিক্রির আগে মোবাইলে *#06# ডায়াল করে IMEI নম্বর সংগ্রহ করতে হবে।
এরপর বিটিআরসি’র অফিসিয়াল IMEI রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে ডি-রেজিস্ট্রেশন অপশনে জাতীয় পরিচয়পত্র নম্বর, ব্যবহৃত মোবাইল নম্বর ও IMEI নম্বর দিয়ে আবেদন করতে হবে।

তথ্য যাচাই শেষে সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ডি-রেজিস্ট্রেশন কার্যকর হয়। এরপর নতুন মালিক নিজের এনআইডি ব্যবহার করে ফোনটি পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন।





