স্টাফ রিপোর্টার | ১৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো এবং ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সেখানকার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী ফোনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন।
একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, যোগাযোগ পুনরায় সচল করা এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিজের সাবেক নির্বাচনী এলাকা হিসেবে বগুড়ার এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি আসনটি ছেড়ে দেন।





