স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো ৮ প্লাটুন সদস্য ইতোমধ্যে বগুড়া সদর উপজেলায় তিনটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে।
বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় এই উপনির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।





