বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, নির্বাচন ও গণভোটে ভূমিকা রাখার আহ্বান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা । আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা , বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু , ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি , খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি , জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ-এর সভাপতি সহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

খ্রিস্টান ধর্মীয় নেতারা তাঁদের বক্তব্যে বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম, দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তাঁর বক্তব্যে যিশু খ্রিস্টকে সার্বজনীন উল্লেখ করে বলেন, ক্ষমা ও মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও এ বছর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বড়দিন উদযাপন করছে। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জনগণ আপনার ওপর আস্থা রেখেছিল। আপনি নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করে চলেছেন। আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার প্রচেষ্টা সফল হবে।’

প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলে বুঝতে পারি, সবকিছু ঠিক আছে কি না।’ তিনি আরও বলেন, একটি সুস্থ সমাজ গড়ে তুলতেই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে এবং এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

তিনি জানান, এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সে অনুযায়ী সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। এ সময় আসন্ন নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতৃবৃন্দ। তাঁরা জানান, দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এই অনুদান বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা।

ট্যাগস: বড়দিন, প্রফেসর মুহাম্মদ ইউনূস, খ্রিস্টান সম্প্রদায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, নির্বাচন, গণভোট