বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে ইউনূসের নেতৃত্বের প্রশংসা আইএমএফ প্রধানের

ছবি প্রধান উপদেষ্টার মিডিয়া সেল

Posted by:

on

আইএমএফ প্রধানের প্রশংসা: নেতৃত্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ — আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি মনে করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক পুনরুদ্ধারে ইউনূসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও ফোন কলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা। এসময় তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

“আপনার অর্জনগুলো আমাকে মুগ্ধ করেছে,” বলেন জর্জিয়েভা। তিনি গত বছরের আগস্টে ইউনূস দায়িত্ব নেয়ার সময়কার অর্থনীতির দুরবস্থার কথা উল্লেখ করেন।

“আপনি খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু করেছেন। যখন দেশের ভেঙে পড়ার ঝুঁকি ছিল তখনই আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি ছিলেন সঠিক সময়ে সঠিক ব্যক্তি,” তিনি আরও যোগ করেন।

বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের মাধ্যমে বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ও রিজার্ভ পুনরুদ্ধারকে বিশেষভাবে প্রশংসা করেন আইএমএফ প্রধান।

অধ্যাপক ইউনূস এ সহায়তার জন্য আইএমএফ প্রধানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের অসাধারণ সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”

তিনি মনে করিয়ে দেন, গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথকে সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরুর আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি পূর্বের কাজে ফিরে যাবেন বলেও জানান।

আলোচনায় আইএমএফ প্রধান জোর দেন দেশীয় রাজস্ব বৃদ্ধি ও ব্যাংক খাতে সংস্কারের ওপর। তিনি বলেন, “শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অবশ্যম্ভাবী। বাংলাদেশের ইতিহাসে এটি এক মূল্যবান মুহূর্ত।”

ইউনূস জানান, তার সরকার ইতোমধ্যেই ব্যাংক খাতে পুনর্গঠন এবং রাজস্ব আহরণ বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, “আমরা একটি ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছি। কেউ কেউ ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে চুরি করে পালিয়ে গেছে।”

তাদের আলোচনায় আঞ্চলিক উন্নয়ন নিয়েও কথা হয়, যার মধ্যে রয়েছে নেপালের চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির প্রতি বাংলাদেশের আকাঙ্ক্ষা। ইউনূস ঢাকার বড় ধরনের অবকাঠামো উদ্যোগের কথাও তুলে ধরেন, যেখানে নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে।

ভিডিও কলে অর্থ উপদেষ্টা ড. সেলাহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।