স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জন্য জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, ‘আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছে। জ্বালানি সমস্যার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলোকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।’
ইরানি দূত বলেন, ‘আমি এটি করেছি। আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত। যদি আপনার কাছে এমন কোনো জাহাজ থাকে, যা হরমুজ প্রণালিতে আপনার জন্য জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা আপনার জাহাজগুলোকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রিয় মানুষদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।’
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ পাড়ি দেওয়ার সুযোগ না থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
কিছু দেশের তেলের জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিলেও সংঘাতের কারণে কৌশলগত এই জলপথে চলাচল অনেকাংশে সীমিত রয়েছে।





