আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এই ম্যাচগুলো সামনে রেখে সোমবার দুপুরে ঢাকায় আসছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান।
আমের খান বলেন, “হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে। শমিত সোম আসবে ১১ তারিখ রাত ১২টার দিকে। নেপাল ম্যাচে হামজা খেলবে কি না, সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত।”
গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। চার ম্যাচে দুই ড্র ও দুই হারের পর ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।
বর্তমানে জাতীয় স্টেডিয়ামে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। তাই অনুশীলনের জন্য জাতীয় দলকে সরতে হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল–সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচে দুই গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
হামজাচৌধুরী #বাংলাদেশফুটবল #বাংলাদেশদল #নেপালবাংলাদেশ #ভারতবাংলাদেশ #এশিয়ানকাপবাছাই #বঙ্গবন্ধুস্টেডিয়াম #হাভিয়ের_কাবরেরা





