বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে। শর্তসাপেক্ষে সীমিত ভয়েস, ডেটা, কনটেন্ট ও ডিভাইসের সীমাবদ্ধতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রিপল-প্লে সেবার আওতায় গ্রাহকরা একই সংযোগ থেকে ভয়েস (টেলিফোন), ডেটা (ইন্টারনেট) ও ভিডিও কনটেন্ট (আইপি টিভি) ব্যবহার করতে পারবেন। আর কোয়াড-প্লে সেবাতে এর সঙ্গে যুক্ত হবে মোবাইল বা স্মার্ট ডিভাইসভিত্তিক সেবা।
বিশেষজ্ঞরা বলছেন, এই সেবা চালু হলে একসঙ্গে সব সুবিধা পাওয়া যাবে, খরচ কমবে এবং আলাদা আলাদা সংযোগ বা বিলের ঝামেলা কমে আসবে। পাশাপাশি স্থানীয় ডোমেইন ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’-কে জনপ্রিয় করতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।
তবে সেবার মান ধরে রাখা, পর্যাপ্ত অবকাঠামো তৈরি এবং বেসরকারি অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতা বিটিসিএলের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





