স্টাফ রিপোর্টার | ২১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজের প্রথম তিনটি জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে এসব জামাত আদায় করা হয়। প্রতিটি জামাতের আগেই মসজিদ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।
চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।
প্রতিটি জামাত শেষে মুসল্লিরা আল্লাহর কাছে গুনাহ মাফ, দেশ-জাতি ও বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে রমজানের রোজা ও অন্যান্য এবাদত কবুল হওয়ার জন্য দোয়া করা হয় এবং মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে।





