স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শনিবার রাতে রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা ও কাউন্সিল আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার পাশাপাশি কীভাবে দ্রুত কাউন্সিল আয়োজন করা যায়—সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমরা খুব দ্রুতই দলকে কাউন্সিলের দিকে নেওয়ার চেষ্টা করব।”
মির্জা ফখরুল আরও জানান, বৈঠকে সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হয় এবং এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সদস্য বিভিন্ন পরামর্শও দিয়েছেন।
শনিবার রাত ৮টা ৪০ মিনিটে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।





