স্টাফ রিপোর্টার | ০৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আপদকালীন কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই গরম ও শীতের সময়ে ডে-লাইট সেভিংয়ের অংশ হিসেবে সময় এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয়, যা তাদের জন্য স্বাভাবিক। বাংলাদেশেও বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, শুক্রবার দুপুরে সংক্ষিপ্ত সফরে সিলেটে পৌঁছে বিকেল চারটায় নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
তিনি বলেন, বৈশ্বিক বাস্তবতায় বিদ্যুৎ সাশ্রয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে সবাইকে শৃঙ্খলাবোধের পরিচয় দিতে হবে।
পিক আওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সন্ধ্যা ছয়টা থেকে বিদ্যুতের চাপ বেশি থাকে। এ সময়ে দোকানপাট বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয় হবে, যা দীর্ঘ সময় ব্যবহারে সহায়ক হবে।
জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অধিকাংশ শিল্পকারখানা গ্যাসনির্ভর। জ্বালানি মন্ত্রণালয় গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে, তাই উৎপাদনে বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয়।
তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে ভোগ কমে যাওয়ায় রপ্তানি হ্রাস পেয়েছে। বাংলাদেশসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলো একইভাবে এ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এটি বৈশ্বিক বাস্তবতা, কোনো একক দেশের সমস্যা নয়।
এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





