স্টাফ রিপোর্টার, ২০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে ভীড়ের মধ্যে পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন নিরব হোসেন।
আজ ২০ মার্চ ২০২৬ তারিখে তার পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার তুলে দেওয়া হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের তত্ত্বাবধানে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মীর রাশেক আলম অভি এবং আইন বিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান নিহতের সন্তানদের হাতে এই উপহার তুলে দেন।
উল্লেখ্য, নিরব হোসেনের ছেলে তাহসিন হোসেন নাহিয়ান একজন আহত জুলাই যোদ্ধা। ৪ আগস্ট ২০২৪ রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ হয়ে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে, যার ফলে শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়।
ড্যাবের পক্ষ থেকে নাহিয়ানের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয় এবং ভবিষ্যতে তার চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
নিরব হোসেনের পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।





