ভিডিও করাই কাল হলো: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা

তারিখ: ৮ আগস্ট ২০২৫ প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।…

Posted by:

on


তারিখ: ৮ আগস্ট ২০২৫

প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি

গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক যুবকের ওপর হামলার ভিডিও মোবাইলে ধারণ করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এক নারী ও এক যুবকের মধ্যে রাস্তায় বাকবিতণ্ডার একপর্যায়ে ওই যুবক নারীকে আঘাত করেন। পরে নারীটির পূর্বপরিচিত ৪-৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে এসে সেই যুবককে কোপাতে শুরু করে।

হামলার শিকার যুবক বাদশা মিয়া (৩৫), বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভিডিও ধারণ করার সময় সাংবাদিক তুহিনকে অস্ত্রধারীরা ভিডিও ডিলিট করতে চাপ দেন। তিনি রাজি না হওয়ায় তাকে চায়ের দোকানে ঢুকিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

সাংবাদিক তুহিনের সহকর্মী সাংবাদিক শামীম হোসেন বলেন, “ঘটনার সময় তুহিন ভিডিও করছিলেন। পরে দৌড়ে একটি দোকানে ঢুকলে অস্ত্রধারীরা তাকে অনুসরণ করে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনাস্থলে থাকা নারীসহ একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। চক্রটি গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও প্রতারণায় সক্রিয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে এ হত্যাকাণ্ডের পর সাংবাদিক সমাজ, মানবাধিকার সংস্থা ও নিহতের পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছে। তুহিনের বড় ভাই মো. সেলিম বলেন, “আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই।”

তুহিনের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।