ভিন্নমতের ওপর হামলা বন্ধে বিএনপিকে কঠোর বার্তা এনসিপি নেতার

সারাদেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ; দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান আসিফ মাহমুদ সজীব ভূইয়ার

স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূইয়া অভিযোগ করেছেন, সারাদেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা চলছে। তিনি দাবি করেন, এসব হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীরাও জড়িত।

তিনি বলেন, যেসব আসনে এনসিপি বা জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন, সেসব স্থানেও হামলার ঘটনা ঘটছে। হামলাকারীরা বলছে, সরকার গঠন করছে বিএনপি, তাই দেশের যেকোনো কিছু করার অধিকার তাদের রয়েছে।

আসিফ মাহমুদ বলেন, অতীতে আওয়ামী লীগের সময় নির্বাচনের পর যে ধরনের সহিংসতা দেখা গেছে, বর্তমানে একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব এসব ঘটনায় নীরব ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের পরপরই তাদের জোটের পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে আইন নিজের হাতে না তোলার আহ্বান জানানো হয়েছিল। যারা অপরাধে জড়িত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তাদের নেতাকর্মীরাও মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বিএনপির প্রতি আহ্বান জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এবং সারাদেশে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।