ভিসির সঙ্গে সংঘাতে ছাত্রদল, ফেসবুকে অবস্থান ব্যাখ্যা করলেন গণেশ চন্দ্র রায় সুহাস

ছবি:সংগ্রহীত

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, ছাত্রদল নেতাদের সঙ্গে ভিসির বাকবিতণ্ডা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহাসসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের মতামত প্রকাশ করেছেন। এ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহাস।

নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন—

“প্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা জানবেন।
ব্যক্তিগতভাবে আমি স্থান-কাল-পাত্র ভেদে অত্যন্ত সতর্ক, সৎ ও মার্জিতভাবে নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করি; এবং নিজের মত প্রকাশের পূর্বে অন্যের মতামত শোনাকে সর্বদা প্রাধান্য দেই। কিন্তু ঠিক কোন অবস্থার প্রেক্ষিতে এবং কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে সামনে-পেছনে না তাকিয়ে প্রতিবাদে সরব হতে হয় সেটি প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই অনুধাবন করতে পারেন বলেই আমার বিশ্বাস।
আর দুর্জন যে বিদ্বান হলেও সদা পরিত্যাজ্য, যুগে যুগে দুর্জনদের ন্যাক্কারজনক কর্মকান্ডই তা প্রমাণ করে এসেছে। যার কোন ব্যতিক্রম এখনো দেখা যাচ্ছে না।
দিনশেষে প্রতিবাদের ভাষা নিয়ে মতভেদ থাকতেই পারে। তবুও আপনাদের সকলের আলোচনা-সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যত পথ চলতে চেষ্টা করবো।
আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

গণেশ চন্দ্র রায় সাহাসের এই পোস্ট ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কেউ তার বক্তব্যকে সমর্থন জানালেও অনেকে সমালোচনার তীর ছুড়ছেন।