ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, তবে গোপন কক্ষে ছবি তোলা নিষেধ: ইসি সচিব

৪০০ গজ সংক্রান্ত নির্দেশনা সংশোধন; ভোটার, প্রার্থী, এজেন্ট ও সাংবাদিকরা মোবাইল নিতে পারবেন

স্টাফ রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে জারি করা আগের নির্দেশনা সংশোধনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব। তিনি বলেন, সকাল থেকে এ বিষয়টি নিয়ে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হওয়ায় কমিশন স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে।

ইসি সচিব জানান, আগে ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা সংশোধন করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরাও মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন। তবে গোপন কক্ষ, যেখানে ভোটে সিল মারা হয়, সেখানে কোনোভাবেই ছবি তোলা যাবে না।

ইসি সচিব আরও জানান, কিছু ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে মোবাইল রাখা যাবে না। একইভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও প্রয়োজনীয় সীমাবদ্ধতা থাকবে।

তিনি বলেন, বিভ্রান্তি নিরসনের জন্য সংশোধিত পরিপত্র জারি করা হচ্ছে, যাতে ভোটার, সাংবাদিক ও অবজারভারদের মধ্যে আর কোনো দ্বিধা না থাকে।

এছাড়া তিনি জানান, আগামীকাল সকাল সাড়ে ৮টার পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন-পরবর্তী দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।