স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে অঞ্চলজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সৃষ্ট পরিস্থিতিতে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশ দূতাবাসগুলো পৃথক সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য চালু করা হয়েছে হটলাইন নম্বর।
দূতাবাসগুলো জানিয়েছে, প্রবাসীদের অপ্রয়োজনে বাইরে বের না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে হবে।
জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ও ইমেইল:
কাতার (দোহা):
হটলাইন: +৯৭৪৩৩৬৬২০০০
ইমেইল: mission.doha@mofa.gov.bd
বাহরাইন (মানামা):
হটলাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
ইমেইল: mission.manama@mofa.gov.bd
আরব আমিরাত (আবুধাবি):
হটলাইন: +৯৭১২৪৪৬৫১০০
ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd
ইরাক (বাগদাদ):
হটলাইন: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ইমেইল: mission.baghdad@mofa.gov.bd
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।
এছাড়া পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।





