মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের আহ্বান

তেলের উচ্চমূল্য দীর্ঘমেয়াদে টেকসই নয়, মূল্য সমন্বয়ের ইঙ্গিত অর্থমন্ত্রীর



স্টাফ রিপোর্টার | ০৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সরকার থেকে সাধারণ মানুষ পর্যন্ত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে তেলের কোনো সংকট নেই, তবে উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি ইঙ্গিত দেন, শিগগিরই জ্বালানি বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

তিনি বলেন, বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশকে প্রভাবিত করছে। যেহেতু দেশের অধিকাংশ জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আসে, তাই আন্তর্জাতিক যোগাযোগ বজায় রেখে সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।

জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই। তবে আমদানি ব্যয় বাড়তে থাকলে উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সুরক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এক পর্যায়ে মূল্য সমন্বয়ের প্রয়োজন হতে পারে।

রপ্তানি আয়ের বিষয়ে তিনি জানান, বৈশ্বিক সংকটের কারণে গার্মেন্টস, কৃষি ও টেক্সটাইল খাতে কিছুটা প্রভাব পড়েছে। তবে রেমিট্যান্স বৃদ্ধি এবং গার্মেন্টস খাতের পুনরুদ্ধার নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে সার ও খাদ্যপণ্যের দামও বাড়বে, যা সামগ্রিকভাবে মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করবে। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনো জ্বালানির দাম বাড়ায়নি বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষা ও শিল্পের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও আধুনিক কারিকুলাম ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সাফল্য ধরে রাখতে হলে ধারাবাহিকভাবে ভালো ফলাফল বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।