ময়মনসিংহে শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভীর শোক

নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস শিক্ষা উপদেষ্টার; ঘটনায় ১২ জন গ্রেপ্তার, ন্যায়বিচারের প্রতিশ্রুতি সরকারের

ছবি :সংগ্রহীত

Posted by:

on

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫: ময়মনসিংহে কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সরকার।

সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার আজ মঙ্গলবার ময়মনসিংহে গিয়ে নিহত দিপু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিহতের বাবা রাবিলাল দাসসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে সরকারের সহানুভূতি ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে শিক্ষা উপদেষ্টা বলেন, “দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসগত মতভেদ কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।”

অধ্যাপক সি আর আবরার বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় উত্থাপিত সব অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা হবে।

তিনি জানান, এই ঘটনায় এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১২ জনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কোনো ব্যতিক্রম ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে পরিচালনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়ীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং বিভাজন বা অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সমাজের সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা জানান, দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে এবং আগামী দিনগুলোতে সরকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে।

দেশের সব নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।