মোহাম্মদপুরে রিকশা মার্কায় ভোট চাইলেন এনসিপির নাহিদ ইসলাম

আল্লামা মামুনুল হকের পক্ষে প্রচার; ইসি’র নির্দেশনা ও মিডিয়ার ভূমিকা নিয়ে সমালোচনা

স্টাফ রিপোর্টার | ৯ফেব্রুয়ারি ২০২৬,নিউ চ্যানেল বিডি

ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের নির্বাচনী জনসভায় এনসিপি নেতা নাহিদ ইসলাম রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার দাবি, সারা দেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, মোহাম্মদপুরও তার অংশ হবে।

জনসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে মোহাম্মদপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত থেকে রিকশা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

ইলেকশন কমিশনের একটি বিজ্ঞপ্তির সমালোচনা করে তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে। এ সিদ্ধান্তের পেছনের যুক্তি ও আইনি ভিত্তি স্পষ্ট করার দাবি জানান তিনি। অন্যথায় কঠোর কর্মসূচির ইঙ্গিতও দেন।

প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর উদ্দেশে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, কিছু বেসরকারি গণমাধ্যম নির্দিষ্ট প্রতীকের প্রচার করছে, যা নির্বাচনী পরিবেশে সমতা নষ্ট করতে পারে।

নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফ, সংস্কার ও দুর্নীতিবিরোধী অবস্থানের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি মোহাম্মদপুরবাসীর প্রতি রিকশা মার্কায় ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে বিজয়ী করার আহ্বান জানান।