যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া সহযোগিতা ও ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার উন্নয়নে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে সম্প্রতি খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিংসহ বিভিন্ন খেলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। এসব খেলায় কোচ উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানান। পাশাপাশি বাংলাদেশের স্পোর্টস ইনস্টিটিউট ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, চীনের জাতীয় পুরুষ ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎ শেষে দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়।