১০ অক্টোবর২০২৫: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (১০ অক্টোবর) বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টি শুরু হয় দুপুর পৌনে ১২টার দিকে। বেলা পৌনে একটায় প্রতিবেদনের সময়ও বৃষ্টি অব্যাহত ছিল।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের হাওর অঞ্চল ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আজকের এই বৃষ্টি হচ্ছে। আগামী দুই–এক দিনের মধ্যে বৃষ্টি কমে আসতে পারে।
আজ সকাল থেকে রাজধানীর আকাশ পরিষ্কার ছিল এবং রোদ উঠেছিল। গত দুই দিন বিভিন্ন সময়ে রাজধানীতে বৃষ্টি হয়েছিল। তাই আজ ছুটির দিনটি বৃষ্টিমুক্ত থাকতে পারে এমন আশা করা হয়েছিল। তবে বেলা ১১টার পর আকাশ মেঘলা হতে শুরু করে এবং কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেছেন, দুপুর ১২টার পর বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে।
গতকাল রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। কোনো এলাকায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।
শাহানাজ সুলতানা আরও বলেন,
“মেঘের একটি ভারী সেল আছে। এখনো বৃষ্টি হচ্ছে। এটি শেষ হলেও আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
ঢাকার আশপাশের অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁর কিছু এলাকায় সকালেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এখন মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার সময়। এই সময় স্বল্প সময়ের জন্য সাধারণত বৃষ্টি হয়; একটানা বৃষ্টি হয় না। আগামী দুই–এক দিনের মধ্যে বৃষ্টি কমে আসতে পারে। এরপর কিছুটা গরম পড়তে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এই মাসের ২০ তারিখের পর আবার একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে, যা ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রাখতে পারে।





