রামপালে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্পে কাপড় আনতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু সেনা সদস্য ও বেসরকারি কর্মচারীর।

Posted by:

on

আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, বাগেরহাট:
বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯) এবং সেনা সদস্য মো. আরিফ হাসান (২৭)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অস্থায়ী সেনা ক্যাম্পে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ধোপা হাছিব খান। পাশে থাকা সেনা সদস্য আরিফ হাসান তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরও জানান, পরে অপর এক সেনা সদস্য বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে দ্রুত দুজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।