লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেল ঢাকায় পৌঁছেছেন

খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক মেডিকেল টিম আরও শক্তিশালী হচ্ছে

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে (Richard Beale) আজ সকালে ঢাকায় পৌঁছেছেন। সকাল ১০টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) স্থানান্তর করা হয়। এরপর থেকেই চিকিৎসকরা বিশেষ ব্যবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা পরিচালনা করছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ রিচার্ড বেলে দুপুরে হোটেলে অবস্থান শেষে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে।
এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মূল মেডিকেল বোর্ডের পাশাপাশি চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক দলও চিকিৎসায় যুক্ত রয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ভারতসহ বহু দেশ চিকিৎসা সহায়তা ও সমন্বয় করছে। বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানও সহযোগিতা এগিয়ে দিয়েছেন।
মেডিকেল বোর্ডে আছেন—
অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল।
বিদেশি চিকিৎসকদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর জন হ্যামিল্টন, ড. হামিদ রব; যুক্তরাজ্যের প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ড. জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মেডিকেল টিম কাজ করছে।