লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হলে চলে যেতে হবে: চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালের কার্যক্রম গতিশীল করতে মামলার নথি নিজের তত্ত্বাবধানে নেওয়ার কথা জানান আমিনুল ইসলাম


স্টাফ রিপোর্টার, ১০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

প্রত্যেক প্রসিকিউটরকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে, অন্যথায় পদ ছেড়ে চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মামলার তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি মামলার নথি নিজের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমার মনে হয়েছে ন্যায়বিচারের স্বার্থে কিছু মামলার কার্যক্রম আমার নিজের পরিচালনা করা প্রয়োজন।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি প্রত্যেক প্রসিকিউটরকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, সবাইকে সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। তা না হলে দায়িত্ব থেকে সরে যেতে হবে।

সম্প্রতি এক প্রসিকিউটরকে ঘিরে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ওই ব্যক্তি এখন আর ট্রাইব্যুনালের প্রসিকিউটর নন। তিনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, “চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।”

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদে যে অভিযোগ এসেছে তা গুরুতর। এ ধরনের অভিযোগ কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।