শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকারের ভূমিকায় জনগণ সন্তুষ্ট নয়: জামায়াত আমির

খুনিরা পার পেলে কারো জীবনের নিরাপত্তা থাকবে না—মগবাজারের আলোচনা সভায় ডা. শফিকুর রহমান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকা নিয়ে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান। রোববার তিনি বলেন, এই হত্যাকাণ্ডে খুনিরা যদি পার পেয়ে যায়, তাহলে দেশে কারো জীবনের নিরাপত্তা থাকবে না।
সকালে মগবাজার আলফালাহ মিলনায়তনে শহীদ উসমান বিন হাদীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, সরকার এ পর্যন্ত যা করেছে, তাতে জনগণ মোটেই সন্তুষ্ট নয়। জনগণের দাবি ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
আলোচনা সভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, খুনিদের গ্রেপ্তারে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, হত্যাকাণ্ডের পর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছয় ঘণ্টা কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই সময়ে খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে গোয়েন্দা ও ইন্টেলিজেন্স সংস্থাগুলো পরিচালিত হলেও এই হত্যাকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে আজও সরকার কোনো স্পষ্ট জবাব দেয়নি। গোয়েন্দা সংস্থার ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সেটিও তদন্তের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ উসমান হাদির মেঝো ভাই ওমর বিন হাদি। তিনি দেশবাসীর প্রতি শহীদ উসমান হাদির অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এর আগে ফজরের নামাজের পর ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে তিনি বলেন, খুনিরা যদি পার পেয়ে যায়, তাহলে আপনার-আমার কারো জীবনের নিরাপত্তা থাকবে না। আমরা দেখতে চাই খুনিরা গ্রেপ্তার হচ্ছে এবং শাস্তি পাচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।