শিক্ষক-শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাতিঘর হলো শিক্ষা প্রতিষ্ঠান

সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের অনস্বীকার্য ভূমিকা

শিক্ষা জীবনে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের বাতিঘর হিসেবে পরিচিত। একটি গ্রাম, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা, বিভাগ তথা পুরো রাষ্ট্রের উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকিত সমাজ গড়ে তুলতে যে প্রদীপ সবচেয়ে বেশি আলো ছড়ায়, তার নামই শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো ও পরিচালনা

যেকোনো এলাকার শিক্ষানুরাগী মানুষের উদ্যোগে গড়ে ওঠে এই আলোর প্রদীপ। সুন্দরভাবে পরিচালনার জন্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত হয় একটি পরিচালনা কমিটি। সেখানে নিয়োগ দেওয়া হয় শিক্ষক-কর্মচারী। মাধ্যমিক প্রতিষ্ঠানে থাকেন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য রয়েছে আলাদা নীতিমালা।

শিক্ষক ও শিক্ষার্থী মিলে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে সুরভিত ফুলের বাগান। এটি শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের আতুরনিবাস, যেখানে তারা জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ব্যক্তিগত বিকাশ, সামগ্রিক শিক্ষা এবং সামাজিক অগ্রগতি সাধন করে।

শিক্ষার্থীর জীবনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা

শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাভাবনার প্রসার ঘটিয়ে সমাজে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলে। পাশাপাশি এটি মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

শিক্ষার্থীরা তাদের পছন্দের পেশায় দক্ষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে। এই প্রতিষ্ঠান তাদের শারীরিক, মানসিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বিশেষ সহায়তা করে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জীবনের স্মৃতিবিজড়িত জাদুঘর। নবীন-প্রবীণ মিলনমেলা, ব্যাচ ক্রিকেট বা ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান—সবকিছুই শিক্ষার্থীর জীবনে স্মৃতি হয়ে থাকে।

শিক্ষকের জীবনে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব

শিক্ষক জীবনে শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য। এখান থেকেই আসে তার রিজিক, মানসম্মান ও স্বপ্ন পূরণের সুযোগ। আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে দরকার আদর্শ শিক্ষক, যিনি তার মেধা, শ্রম ও পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানকে সাজিয়ে তোলেন।

শিক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা ও শ্রমের ফসল হলো একটি সুন্দর শিক্ষা পরিবেশ। তিনি সমাজে আলোর প্রদীপ হয়ে ওঠেন। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষককে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়—শ্রেণি, বিভাগ বা পুরো প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালনের মাধ্যমে।

শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক অবদানেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে জাতির আলোকবর্তিকা। তাই বলা যায়—

শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাতিঘর আর শিক্ষকের পেশাগত জীবনের মূলভিত্তি হলো শিক্ষা প্রতিষ্ঠান।

মোঃ উজির আলী

প্রধান শিক্ষক, নড়াইল কালেক্টরেট স্কুল, নড়াইল