শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেয়া হবে: ভারতের সহকারী হাইকমিশনার

বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ সহজ করতে দ্রুত উদ্যোগ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা শিগগিরই চালু করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

শনিবার (২৮ মার্চ) পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, বাংলাদেশিদের ভারত ভ্রমণ সহজ করতে টুরিস্ট ভিসা চালুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভিসা আবেদনকারীদের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে আবেদনকারীদের নিজ উদ্যোগে আবেদন করার পরামর্শ দেন। এতে ভিসা সংক্রান্ত জটিলতা কমবে এবং প্রতারণার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভিন্ন কারণে কিছু সময় ধরে বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা সীমিত ছিল। নতুন করে এই ঘোষণা বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।