স্টাফ রিপোর্টার | ১০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সংবিধান মেনেই এতদূর এসেছে এবং ভবিষ্যতেও সংবিধান মেনেই চলবে বলে আশা রাখে।
মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের আগে ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং সরকার এতে স্বাক্ষর করেছে। তিনি বলেন, যারা এখন সমালোচনা করছে তারা কয়েকদিন আগেই এতে স্বাক্ষর করেছে।
তিনি বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে বিষয়টি প্রথমে জাতীয় সংসদে আলোচনা করতে হবে। সেখানে আইন প্রণয়ন ও সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করতে হবে। এরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিষয় নির্ধারণ করা যেতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি যেভাবে জবরদস্তিমূলকভাবে শপথ পড়ানো হয়েছে তা সংবিধান রক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে কি না, তা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের। বিচারকরা সংবিধান রক্ষা ও সংরক্ষণের শপথ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা বাধ্যতামূলক। তবে কোনটি গৃহীত হবে, কোনটি সংশোধন বা বাতিল হবে—সেটি সংসদই সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, গণতন্ত্রের মাঠে বিভিন্ন দল বিভিন্ন কথা বলবে, বিতর্ক হবে। তবে সব ধরনের আলোচনা ও বিতর্ক জাতীয় সংসদের ভেতরেই হওয়া উচিত। জনগণের চাওয়া এবং আইন ও সংবিধান অনুযায়ী যে সিদ্ধান্ত হবে সেটিই চূড়ান্ত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ও ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।





