স্টাফ রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। শপথ শেষে তারা শপথপত্রে স্বাক্ষর করেন। পরে সংসদীয় দলের বৈঠকে অংশ নেন।
শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।





