সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর: সংসদে বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম পাস হওয়া বিল; নিয়োগে একক বয়সসীমা নির্ধারণে জটিলতা দূর হবে



স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি


সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিনান্সিয়াল করপোরেশন এবং স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম পাস হওয়া বিল।

‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিনান্সিয়াল করপোরেশন এবং স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা আইন, ২০২৬’ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।

বিলে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনায় ২০২৪ সালের অধ্যাদেশের মাধ্যমে বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করা হয়। তবে বিদ্যমান বিভিন্ন নিয়োগ বিধিতে ৩৩, ৩৫, ৪০ ও ৪৫ বছর বয়সসীমা থাকায় নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি সৃষ্টি হয়।

এই জটিলতা নিরসনে ২০২৫ সালে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করা হয়। পরবর্তীতে বিষয়টি স্থায়ীভাবে কার্যকর করতে আইন প্রণয়ন করা হলো।

বিলে আরও বলা হয়, বয়সসীমা বৃদ্ধি করলে চাকরিপ্রার্থীদের সুযোগ বাড়বে, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব সমস্যা নিরসনে সহায়ক হবে। পাশাপাশি শ্রমবাজার ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ইতোমধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসসহ বিভিন্ন নিয়োগে ৩২ বছর বয়সসীমা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে। ফলে অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করা প্রয়োজন হয়ে পড়ে।