সশস্ত্র বাহিনীর ভূমিকায় সন্তোষ, শান্তিপূর্ণ নির্বাচনের আশা জামাতের আমিরের

ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ভোট হলে জনগণমুখী সরকার গঠিত হবে, জালিয়াতির মাধ্যমে গঠিত সরকার জনগণের দুঃখ বোঝবে না

স্টাফ রিপোর্টার,১২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, সেসব ক্ষেত্রে বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখেছে। এজন্য তিনি তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশাবাদ প্রকাশ করেন যে, সশস্ত্র বাহিনী তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে দিন শেষে দেশের মানুষ একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট উপহার পাবে। তার ভাষ্য, ভালো নির্বাচন হলে জনগণমুখী সরকার গঠিত হবে, যা দল, ব্যক্তি বা পরিবারের ঊর্ধ্বে উঠে ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে। জালিয়াতির মাধ্যমে গঠিত কোনো সরকার জনগণের দুঃখ বোঝার ক্ষমতা রাখবে না।

ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদেরও ধন্যবাদ জানান নির্বাচনী প্রক্রিয়ায় পাশে থাকার জন্য। তিনি বলেন, দেশ ভালো থাকলে সব পেশার মানুষই সম্মানের সঙ্গে কাজ করতে পারবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দক্ষিণের এক কেন্দ্রে দখলের অভিযোগের সঙ্গে সঙ্গে একজন সিনিয়র সহকর্মী সেখানে পাঠানো হয়েছে, তবে প্রাথমিকভাবে বিষয়টি গুরুতর ছিল না। তিনি ছোটখাটো বিষয়কে বড় করার প্রয়োজন মনে করছেন না এবং মূল লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।

ভোটের সম্ভাব্য ফল বা আসনসংখ্যা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করে তিনি বলেন, ভোটিং শেষ হওয়ার আগে কোনো সংখ্যা উল্লেখ করা ভোটারদের স্বাধীন সিদ্ধান্তে হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। তবে সারাদেশের প্রাপ্ত তথ্যে জনগণ নতুন কোনো স্বৈরাচারকে মেনে নেবে না।

ডাক্তার শফিকুর রহমান বলেন, বিকেলে ভোটিং শেষ হওয়ার পর তিনি পুনরায় সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য দেবেন।