স্টাফ রিপোর্টার, ১ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বুধবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সময়ে দেশের ৬৪ জেলাতেও একযোগে এই কর্মসূচি চালু করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগের আওতায় ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। এর মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা।
তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে।
এছাড়া প্রতিমন্ত্রী বলেন, গত ৩০ মার্চ থেকে বিভিন্ন খেলায় জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে অবশিষ্ট খেলোয়াড়দের মধ্যেও এই ভাতা প্রদান সম্পন্ন করা হবে।





